হঠাৎ অসুস্থ বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ, হার্টে বসানো হয়েছে রিং

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, “ফারুক ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করার পর হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে একটি রিং পরিয়ে দেন।”

বর্তমানে ফারুক আহমেদ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং শিগগিরই তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, কয়েক বছর আগেও একবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই সাবেক ক্রিকেটার।

মন্তব্য করুন