বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম ২৩ নভেম্বরের পরিবর্তে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিন পরিবর্তনের মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করা এবং একটি সুসংগঠিত নিলাম আয়োজন করা।
তবে সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মূল সংকট এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার বিষয়ে। দুবার সময় বাড়ানো সত্ত্বেও একটি ফ্র্যাঞ্চাইজি এখনও টাকা জমা দিতে ব্যর্থ হয়েছে। অন্য চারটি প্রতিষ্ঠান তাদের অর্ধেক টাকাই জমা দিয়েছে, যা বিসিবি নিরাপদ মনে করছে। এর ফলে এই চার ফ্র্যাঞ্চাইজির বিপিএল খেলার বিষয়ে কোনো সংশয় নেই।
যে ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দিতে পারেনি, তাদের জন্য নতুন মালিক খুঁজতে শুরু করেছে বিসিবি। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন মালিক নির্বাচন হতে পারে, আবার বিসিবি নিজেই ফ্র্যাঞ্চাইজিটি ধরে রাখতে পারে।
বিপিএলের এই আসরে টগি স্পোর্টস রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়রস, সিলেট টাইটানস এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিশ্চিত হয়েছে। ২০২৬ আসরের নিলামের জন্য খেলোয়াড়দের ভিত্তিমূল্যও চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার। স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের জন্য যথাক্রমে ৬টি ও ৫টি ক্যাটাগরি থাকবে।
দ্বাদশ আসরের খেলা শুরু হবে ডিসেম্বরে তৃতীয় সপ্তাহে। ব্যাংক গ্যারান্টি সংকট সামাল দিতে পারলে নিলাম এবং আসর সময়মতো অনুষ্ঠিত হতে পারবে।