রেকর্ড বিনিয়োগ! সৌদিতে ২০২৬ সাল থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের নতুন নারী টি–২০ লিগ

বিশ্ব ক্রিকেটে নজর কাড়তে চলেছে সৌদি আরব। নতুন ঘোষণা অনুযায়ী, দেশটি ২০২৬ সাল থেকে শুরু করতে যাচ্ছে উইমেনস ওয়ার্ল্ড টি–২০ চ্যালেঞ্জ—একটি পেশাদার নারীদের আন্তর্জাতিক ক্রিকেট লিগ, যা আয়োজন করা হবে ফেয়ারব্রেক গ্লোবাল ও সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশনের যৌথ উদ্যোগে। পাঁচ বছরের এই সহযোগিতা চুক্তি সৌদি আরবের ক্রীড়া বিনিয়োগকে আরেক ধাপ এগিয়ে নেওয়ারই ইঙ্গিত দিচ্ছে।

টুর্নামেন্টটি ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং তাতে থাকবে ৩৫টিরও বেশি দেশের তারকা নারী ক্রিকেটার। প্রতিযোগিতাটি সাধারণত অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। সময়সূচি এমনভাবে সাজানো হচ্ছে যাতে দ্য হান্ড্রেড শেষ হওয়ার পর এবং উইমেনস বিগ ব্যাশ লিগ শুরুর আগে লিগটির জায়গা নির্ধারণ করা যায়। ফলে বিশ্বের সেরা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করা সহজ হবে।

ফেয়ারব্রেক গ্লোবাল দীর্ঘদিন ধরে নারীদের আন্তর্জাতিক ক্রিকেট উন্নয়ন, লিঙ্গসমতা ও ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণে কাজ করছে। তাদের পূর্ববর্তী লিগগুলোতে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। যদিও ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ এখনো অনিশ্চিত, কারণ এর আগে বিসিসিআই অনুমতি দেয়নি। তবে আয়োজকেরা আশাবাদী যে নতুন সৌদি লিগটি আরও বেশি দেশকে যুক্ত করবে।

সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম লক্ষ্য হচ্ছে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। এই লিগ সেই লক্ষ্যেরই একটি বড় পদক্ষেপ। দেশটি বর্তমানে ক্রিকেটসহ বিভিন্ন আন্তর্জাতিক খেলায় বিনিয়োগ বাড়াচ্ছে। ২০২৪ সালে জেদ্দায় আইপিএল নিলাম আয়োজন করে তারা আগেই একটি বড় বার্তা দিয়েছে। শিগগিরই আইএলটি২০-এর কিছু ম্যাচও সৌদিতে আয়োজন হতে পারে।

এই লিগের মাধ্যমে সৌদিতে স্থানীয় নারী ক্রিকেটারদের জন্য নতুন প্রশিক্ষণ সুযোগ, প্রতিযোগিতামূলক কাঠামো এবং আন্তর্জাতিক মানের কোচিং সুবিধা তৈরি হবে। ক্রিকেট ফেডারেশন জানিয়েছে, টুর্নামেন্টটি সৌদি নারীদের ক্রিকেটে অংশগ্রহণ বৃদ্ধি, ক্রীড়া সংস্কৃতি গঠন এবং বিশ্ব ক্রিকেটে সৌদির অবস্থান সুদৃঢ় করবে।

বিশ্লেষকদের মতে, এই লিগ ক্রিকেট অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে। মধ্যপ্রাচ্যের বাজার নারী ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। লিগ সফল হলে সৌদি আরব ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে পারবে—যা দেশটির ক্রীড়া ও অর্থনীতির জন্য গেমচেঞ্জার হতে পারে।

মন্তব্য করুন