ডিসেম্বরে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের। আট দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগেরবারের মতো বাংলাদেশ এবারও রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
যদিও আনুষ্ঠানিক আয়োজক আফগানিস্তান, তবু সব ম্যাচ আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। ১২ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক আরব আমিরাত।
বাংলাদেশ ১৩ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
গ্রুপের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
এদিকে ‘এ’ গ্রুপে আবার একই গ্রুপে ভারত ও পাকিস্তান অবস্থান করছে। তাদের সঙ্গে রয়েছে মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। ভারত–পাকিস্তানের আলোচিত ম্যাচটি হবে ১৪ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে ১৯ ডিসেম্বর। আর ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠেই অনুষ্ঠিত হবে ফাইনাল। সব ম্যাচ শুরু হবে গালফ মান সময় রাত ৯টায়।
এসএস