ওপেনিংয়ে ঝড় তুলতে বিগ ব্যাশে নতুন ভূমিকায় বেন স্টোকস

অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) সম্পূর্ণ নতুন এক ভূমিকায় অবতীর্ণ হতে পারেন ইংল্যান্ডের টেস্ট দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। দীর্ঘ পরিসরের ক্রিকেটে মিডল অর্ডারে দলের হাল ধরলেও ফ্র্যাঞ্চাইজি লিগটির নতুন আসরে তাকে ইনিংসের একদম শুরুতেই ওপেনিংয়ে নামানোর জোরালো পরিকল্পনা করছে অ্যাডিলেড টিম ম্যানেজমেন্ট।
মঙ্গলবার ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডারের সঙ্গে এক বছরের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে অ্যাডিলেড ফ্র্যাঞ্চাইজি। পুরো মৌসুমজুড়ে ইংলিশ ক্রিকেটারকে স্কোয়াডে পাওয়া নিশ্চিত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত প্রধান কোচ টিম পেইন। তার মতে, ব্যাটে-বলে সামর্থ্য দেখানোর পাশাপাশি ড্রেসিংরুমে স্টোকসের নেতৃত্বগুণ ও অভিজ্ঞতাই পুরো দলের জন্য বড় পাওনা হতে চলেছে।
স্টোকসকে নিজেদের শিবিরে ভেড়াতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে অ্যাডিলেডকে। কোচ পেইন জানিয়েছেন, বিশ্বমানের এই অলরাউন্ডারকে দলে টানতে প্রতিযোগিতায় নাম লেখাতে হয়েছিল আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সেই লড়াইয়ে যথেষ্ট আক্রমণাত্মক ও কৌশলী থেকেই শেষ পর্যন্ত স্টোকসের সঙ্গে চুক্তি পাকা করতে পেরেছে তারা।
গত মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনিংয়ে নিয়মিত মুখ ছিলেন ম্যাট শর্ট ও ক্রিস লিন। তবে লিন এখনো নতুন করে কোনো চুক্তি স্বাক্ষর না করায় একাদশের কম্বিনেশনে পরিবর্তনের আভাস মিলেছে। লিন শেষ পর্যন্ত দলে ফিরে আসলেও টিম পেইনের পরিকল্পনা জুড়ে রয়েছেন বেন স্টোকস। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি উইকেট বিগ ব্যাশে ওপেনিংয়ের জন্য তার মতো আগ্রাসী ব্যাটারকে দারুণ সুবিধা দেবে বলে বিশ্বাস কোচের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্টোকস নিয়মিত ওপেনার নন। ক্যারিয়ারের ১৪৮টি টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে তিনি মাত্র ১৬ বার ওপেন করেছেন। তবে পরিসংখ্যান বলছে, লোয়ার অর্ডারের তুলনায় ইনিংসের সূচনা করার সময়ই তার ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট থাকে সবচেয়ে বেশি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্যারিয়ারে তার দুটি সেঞ্চুরির একটি এসেছে ইনিংসের শুরুতেই ব্যাট করতে নেমে।
টি-টোয়েন্টির বড় একটা সময় জুড়ে তিন, চার কিংবা পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন স্টোকস। তার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল ২০২৪ সালের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে। তবে অভিজ্ঞতার কমতি বা পজিশন বদলের কোনো ঝুঁকি দেখছেন না কোচ টিম পেইন। তার মতে, স্টোকসের ক্রিকেটীয় মেধা ও পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা তাকে ওপেনিং পজিশনের জন্য নিখুঁত পছন্দ করে তুলেছে।
এ বিষয়ে টিম পেইন বলেন, পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক খেলা খেলে হঠাৎ করেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন এই ইংলিশ তারকা। তার শট খেলার অবিশ্বাস্য ক্ষমতা, পেস আক্রমণের বিপক্ষে সাবলীলতা এবং স্পিন সামলানোর দক্ষতা তাকে একজন পরিপূর্ণ ব্যাটার বানিয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশ আসরে অ্যাডিলেডের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে বেন স্টোকসকে। পাওয়ার প্লের ফায়দা তুলে বোলিং আক্রমণে ঝড় তোলার এই নতুন দায়িত্ব ইংলিশ তারকা কতটা সফলভাবে পালন করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন