ব্রেন্ডান ডগেটের জীবন এক দারুণ উদাহরণ কঠোর পরিশ্রম ও ধৈর্যের। রকহ্যাম্পটনে জন্ম নেওয়া ডগেটের শেকড় নিউক্যাসলের আদিবাসী সম্প্রদায়ে। তাঁর বাবা কাঠমিস্ত্রি ছিলেন, তাই ছোটবেলা থেকেই কাঠমিস্ত্রির কাজের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি। প্রতিদিন ভোরে উঠে কাঠের কাজ করতেন, সন্ধ্যায় ব্যাট-বলের অনুশীলন করতেন, আর প্রতিদিন ৯০ মিনিট গাড়ি চালিয়ে ব্রিসবেনে পৌঁছে ক্লাব ক্রিকেটে অংশ নিতেন।
ডগেটকে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন সাত বছর আগে। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের চোটের সুযোগে তিনি জাতীয় দলে ওঠেন। এবার আবারও একই কারণেই সুযোগ এসেছে। ডগেট বলেন, “আমার দুটি জীবন – একজন কাঠমিস্ত্রি, একজন ক্রিকেটার। যদি এবার টেস্ট অভিষেক ঘটে, তবে এটি হবে আমার জীবনের তৃতীয় অধ্যায়।”
ক্রিকেট যাত্রা শুরু হয় দ্বিতীয় গ্রেড ক্লাব ক্রিকেট থেকে। মাত্র তিন বছরের মধ্যে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে ডাক পান। দুবাইয়ের মরুভূমিতে ফিটনেস ক্যাম্পে কঠোর প্রশিক্ষণ তার ক্রীড়া দক্ষতাকে নতুন মাত্রায় উন্নীত করে।
২০২১ সালে কুইন্সল্যান্ড থেকে সাউথ অস্ট্রেলিয়ায় যোগ দেওয়া ডগেটের জন্য কঠিন ছিল। নতুন দলের প্রথম তিন মৌসুমে চোটে ভুগলেও ২০২৩ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলে সুযোগ পান এবং ভারত ‘এ’ দলের বিপক্ষে ১৫ রানে ৬ উইকেট নিয়ে খ্যাতি অর্জন করেন।
গত দুই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৬ উইকেট নিয়েছেন, যার গড় ২১.১৬। সাউথ অস্ট্রেলিয়ার শিল্ড জয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৩১ বছর বয়সী ডগেট এখন অস্ট্রেলিয়ার প্রধান পেসারদের একজন।
পরিবারের সুখ ও ক্রিকেটের প্রতি নিষ্ঠা তাঁকে আরও পরিণত করেছে। অ্যাশেজ সিরিজে ডগেটের প্রথম টেস্ট অভিষেকের অপেক্ষা এখন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু।