টানা ১১ টেস্টে অপরাজিত! বাভুমার রেকর্ডে ১৪৮ বছরের ইতিহাস কেঁপে উঠল

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে কত কিংবদন্তিই না এসেছেন—কিন্তু অধিনায়ক হিসেবে টেম্বা বাভুমার শুরুটা যেন অন্য এক মহাকাব্য। মাত্র ১১ টেস্টে নেতৃত্ব দিয়েই তিনি দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছেন ১০ জয় ও ১ ড্র; এখনো পর্যন্ত তাঁর অধিনায়কত্বে কোনো হার নেই। এমন সোনালি শুরুর উদাহরণ টেস্ট ইতিহাসে আর নেই।

গত জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালের সেই জয় ছিল বাভুমার অধিনায়কত্বের দশম ম্যাচে নবম জয়। এতে তিনি প্রথম ১০ টেস্টে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে ইংল্যান্ডের পার্সি চ্যাপম্যানের পাশে বসেন। তবে একটি জায়গায় বাভুমা এগিয়ে—চ্যাপম্যান প্রথম ১০ ম্যাচে একটি হার দেখলেও বাভুমা ছিলেন সম্পূর্ণ অপরাজিত।

এবার কলকাতার ঐতিহাসিক টেস্টেও বজায় থাকল তাঁর সেই অজেয় ধারা। দ্বিতীয় ইনিংসে দলের সংকট মুহূর্তে তাঁর ৫৫ রানের লড়াকু ইনিংস ম্যাচের গতিপথই বদলে দেয়। ভারত মাত্র ৯৩ রানে গুটিয়ে গেলে নাটকীয় জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। এই জয়ই বাভুমাকে এনে দেয় আরেকটি বিশ্ব রেকর্ড—প্রথম ১১ টেস্টে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক।

এতদিন পর্যন্ত চ্যাপম্যান, লিন্ডসে হ্যাসেট ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিরা ১১ ম্যাচে ৯টি করে জয় পেয়েছিলেন। কিন্তু বাভুমা তাঁদের ছাড়িয়ে গিয়ে ইতিহাসে জায়গা করে নিলেন একাই।

টেস্টে প্রথম ১১ ম্যাচে সবচেয়ে সফল অধিনায়করা

অধিনায়ক দল জয় ড্র হার
টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকা ১০
পার্সি চ্যাপম্যান ইংল্যান্ড
লিন্ডসে হ্যাসেট অস্ট্রেলিয়া
রিকি পন্টিং অস্ট্রেলিয়া

টেস্ট ইতিহাসে মাত্র দুজন অধিনায়ক আছেন যারা কোনো ম্যাচ না হারার আগেই দশটি জয় পেয়েছেন। প্রথমজন মাইক ব্রিয়ারলি, যিনি নিজের ১৫তম ম্যাচে দশম জয় পেয়েছিলেন এবং পরের ম্যাচেই হারেন। বাভুমা তাঁর চেয়ে ৪ ম্যাচ আগে মাইলফলকে পৌঁছে গেছেন।

এখন প্রশ্ন—আর কত দিন অজেয় থাকবেন বাভুমা?
যদি তিনি আজই অধিনায়কত্ব ছাড়েন, তবে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থেকে অধিনায়কত্ব সমাপ্ত করার রেকর্ড তাঁর দখলেই থাকবে। এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ‘বিগ শিপ’ ওয়ারউইক আর্মস্ট্রংয়ের দখলে, যিনি ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্র করেছিলেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আবির্ভাব হয়েছে এক নতুন নেতৃত্বের মুখ—যার প্রতিটি ম্যাচ এখন ইতিহাসের একটি সম্ভাব্য অধ্যায়।

মন্তব্য করুন