২০১৫ সালের জুন মাসের এক রাত। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের ছোট্ট ঘরে জড়ো হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন সদস্য। ঘরের মেঝে ও বিছানায় গাদাগাদি করে বসে চলছে রাতের খাবার। খাবার এসেছে হোটেলের বাইরে থেকে, গোপনে। হোটেলের নিয়ম অনুযায়ী বাইরে থেকে খাবার আনা নিষিদ্ধ হলেও সেদিন সেই নিয়ম ভেঙেই একসঙ্গে খাওয়ার আয়োজন করেছিলেন ক্রিকেটাররা। সেই আড্ডায় ছিলেন বিরাট কোহলিসহ ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার। আর তাঁদের সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন এমন একজন ব্যক্তি, যিনি ক্রিকেটার নন, বরং অপরাধ দমন ও তদন্তের জগতে দীর্ঘদিন কাটিয়েছেন।
তিনি নীরাজ কুমার। ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৭৬ ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন শেষে দিল্লি পুলিশের কমিশনার হিসেবে অবসর নেন। তাঁর পেশাগত জীবনে যেমন আলোচিত অপরাধ তদন্ত রয়েছে, তেমনি আছে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে পড়া এক ভিন্ন অধ্যায়। ঢাকার সেই রাতের গল্প উঠে এসেছে তাঁর লেখা বই ‘আ কপ ইন ক্রিকেট’-এ।
নির্ভয়া মামলা ও আইপিএল স্পট ফিক্সিং
দিল্লি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে নীরাজ কুমারের নাম দুটি বড় ঘটনার সঙ্গে বিশেষভাবে আলোচিত হয়। এর একটি ২০১২ সালের নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ড, অন্যটি ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং মামলা।
নির্ভয়া হত্যাকাণ্ডের পর দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনরোষের মুখে পুলিশ প্রশাসন ও সরকারের ওপর চাপ বাড়তে থাকে। দিল্লির রাস্তায় প্রতিবাদ, ইন্ডিয়া গেট এলাকায় বিক্ষোভ এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার মধ্যে পরিস্থিতি সামাল দেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। মামলার তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দ্রুত চার্জশিট দাখিলের ক্ষেত্রে দিল্লি পুলিশ তৎপরতা দেখায়। অল্প সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ায় তদন্তের গতি আলোচনায় আসে।
এরপর ২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারি ভারতীয় ক্রিকেটকে বড় ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভান স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হন। দিল্লি পুলিশের তদন্তে ফোনে কথোপকথন, নজরদারি ও বিভিন্ন তথ্য-প্রমাণ সামনে আসে। অভিযানের মাধ্যমে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে নীরাজ কুমারের বর্ণনায় উঠে এসেছে।
প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করেছিলেন, মামলার প্রমাণ যথেষ্ট শক্তিশালী এবং বিচারিক প্রক্রিয়ায় দোষীদের শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু শেষ পর্যন্ত ২০১৫ সালে আদালত অভিযুক্তদের খালাস দেন। আদালতের পর্যবেক্ষণে ফিক্সিং-সংক্রান্ত অভিযোগের বিচার ও প্রমাণের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা এবং তৎকালীন আইনের অস্পষ্টতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পরিণতি তদন্তকারী দলের জন্য বড় ধাক্কা ছিল।
অবসরের পর বিসিসিআইয়ের দায়িত্ব
পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর নীরাজ কুমার স্বাভাবিক জীবনযাপন করছিলেন। দীর্ঘ কর্মজীবনের ব্যস্ততা শেষে তাঁর দিন কাটছিল অনেকটা নিজের মতো করে। সকালে দেরিতে ঘুম থেকে ওঠা, বই পড়া, সিনেমা দেখা, গলফ খেলা কিংবা শীতের রোদে বসে সময় কাটানো—এসবই ছিল তাঁর নতুন রুটিন। বহু বছর পর তাঁকে কোনো প্রশাসনিক দায়িত্বের জবাবদিহি করতে হচ্ছিল না।
কিন্তু ২০১৫ সালের এপ্রিলে তাঁর জীবনে নতুন প্রস্তাব আসে। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৎকালীন সচিব অনুরাগ ঠাকুর ফোন করে বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। শুরুতে নীরাজ কুমার এই প্রস্তাবে আগ্রহী ছিলেন না। বিশেষ করে দিল্লি ছেড়ে মুম্বাইয়ে গিয়ে কাজ করার বিষয়ে তাঁর আপত্তি ছিল। অবসরজীবনে ফিরে এসে নতুন করে কর্মব্যস্ততায় জড়ানোর ইচ্ছাও তেমন ছিল না।
অনুরাগ ঠাকুর অবশ্য তাঁকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন এবং দিল্লিতে থেকেই কাজ করার সুযোগ দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের পর প্রস্তাবে সম্মতি দেন নীরাজ কুমার। ১ জুন তিনি বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটে যোগ দেন। পরে নিজের বইয়ে লিখেছেন, ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার সময় তিনি জানতেন না সামনে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
সীমিত জনবল, নানা বাধা
বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটে যোগ দিয়ে শুরুতেই বাস্তবতার সঙ্গে পরিচিত হন নীরাজ কুমার। দীর্ঘদিন প্রায় ৮৫ হাজার সদস্যের পুলিশ বাহিনীর নেতৃত্ব দেওয়া একজন কর্মকর্তা নতুন দায়িত্বে এসে দেখেন, তাঁর কাজের সহায়তায় শুরুতে মাত্র দুজন সহকর্মী রয়েছেন। তদন্ত, তথ্য সংগ্রহ, ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং দুর্নীতির অভিযোগ যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ এত সীমিত জনবল দিয়ে পরিচালনা করা ছিল কঠিন।
কাজের পরিবেশও সব সময় অনুকূল ছিল না। তাঁর অফিসের জায়গা একসময় সরিয়ে নেওয়া হয়, এমনকি বিষয়টি তাঁকে যথাযথভাবে জানানো হয়নি বলেও বইয়ে উল্লেখ করেছেন। প্রশাসনিক সমন্বয়, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা উঠে এসেছে তাঁর লেখায়।
পুলিশের অভিজ্ঞতা নিয়ে ক্রিকেটের দুর্নীতি তদন্তে কাজ করতে গিয়ে নীরাজ কুমার বুঝতে পারেন, মাঠের বাইরের ক্রিকেটজগতের কাঠামো, সম্পর্ক, স্বার্থ এবং প্রশাসনিক জটিলতা প্রচলিত অপরাধ তদন্তের চেয়ে অনেকটাই আলাদা। তাঁর দায়িত্বের সময়কার নানা অভিজ্ঞতা, ক্রিকেটারদের সঙ্গে পরিচয়, বোর্ডের ভেতরের পরিস্থিতি এবং ঢাকার হোটেলে কোহলিদের সঙ্গে কাটানো সেই রাত—সব মিলিয়ে ‘আ কপ ইন ক্রিকেট’ বইটি ক্রিকেটের পরিচিত জগতের আড়ালে থাকা ভিন্ন বাস্তবতার গল্প তুলে ধরেছে।
নির্ভয়া মামলা কিংবা আইপিএল ফিক্সিংয়ের তদন্তের কারণে সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠা এই সাবেক পুলিশ কর্মকর্তা অবসরের পরও আলোচনায় থেকেছেন। কারও কাছে তিনি নির্ভয়া মামলার তদন্তে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা, কারও কাছে আইপিএল দুর্নীতি তদন্তের মুখ। কিন্তু তাঁর ক্রিকেটজীবনের অভিজ্ঞতাগুলো পরিচিতির সেই দুই পরিসরের বাইরেও এক নতুন গল্পের দরজা খুলে দেয়। ঢাকার সেই রাতের ঘটনা তারই একটি স্মরণীয় অংশ।