দীর্ঘ পথচলায় টাইগারদের মূল ঘাটতি কোথায়, স্পষ্ট করলেন সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল ১৯৮৬ সালের ৩১ মার্চ, পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে। দেখতে দেখতে প্রায় চার দশক ধরে বিশ্বমঞ্চে লড়াই করে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ এই দীর্ঘ যাত্রায় দেশের ক্রিকেটে অনেক স্মরণীয় জয় ও ব্যক্তিগত অর্জন যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু আইসিসির বড় কোনো ট্রফি বা বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে। এশিয়া কাপের মঞ্চে তিনবার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি। এত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা না পাওয়ার পেছনের কারণ নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা হয়েছে। এবার সেই চিরচেনা সমস্যার আসল জায়গাটি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দলের বর্তমান অবস্থা এবং কাঠামোগত দুর্বলতা নিয়ে কথা বলতে গিয়ে সাকিব সরাসরি টেনে এনেছেন স্কোয়াডের গভীরতার প্রসঙ্গ। তিন ফরম্যাটেই বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে বলে তিনি স্বীকার করেন। তবে দলের আসল দুর্বলতা কোথায়, তা স্পষ্ট করে তিনি জানান যে জাতীয় দলের বেঞ্চ স্ট্রেন্থ বা বিকল্প খেলোয়াড়ের ঘাটতি বেশ স্পষ্ট। সেরা একাদশ মাঠে নামলে দলকে ভারসাম্যপূর্ণ মনে হলেও, মূল একাদশের দু-একজন খেলোয়াড় চোটের কারণে ছিটকে গেলে বা স্কোয়াড রোটেট করার প্রয়োজন পড়লে দল বেশ বিপাকে পড়ে। পর্যাপ্ত মানসম্মত ব্যাকআপ খেলোয়াড়ের অভাবে নিয়মিত পারফরম্যান্স ধরে রাখা কঠিন হয়ে দাঁড়ায়।

দীর্ঘদিনের এই পথচলায় দলের শক্তির জায়গাগুলোও অবশ্য কম তৈরি হয়নি। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে দেশের পেস বোলিং ডিপার্টমেন্টে যে দৃশ্যমান উন্নতি এসেছে, তার প্রশংসা করেছেন সাকিব। তাঁর মতে, রাতারাতি এই পরিবর্তন আসেনি। দীর্ঘদিনের ধারাবাহিক পরিশ্রম ও পরিকল্পনা বাস্তবায়নের ফল হিসেবে আজকের এই পেস আক্রমণ দাঁড়িয়েছে। পেসাররা যেভাবে নিজেদের মেলে ধরছেন, তাতে ভবিষ্যতে তারা দলের জন্য আরও বড় সাফল্য নিয়ে আসবেন বলে তিনি আশাবাদী।

তরুণ প্রতিভাদের নিয়ে কথা বলার সময় কোনো নির্দিষ্ট ক্রিকেটারের নাম আলাদা করে বলতে চাননি এই অভিজ্ঞ তারকা। দেশের ঘরোয়া ও পাইপলাইনে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার উঠে আসছেন এবং সঠিক পরিচর্যা পেলে তাদের মাধ্যমেই দলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে তিনি মনে করেন। সামগ্রিকভাবে দেশের ক্রিকেটকে আরও উঁচুতে নিতে হলে ঘরোয়া অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি বেঞ্চের শক্তি বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি, এমন বার্তাই যেন দিলেন সাকিব।

মন্তব্য করুন