বিপিএলের ১২তম আসরের নিলাম শেষ হয়েছে নানা চমক ও হিসাব–নিকাশের মধ্য দিয়ে। স্থানীয় ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করতে পারলেও বাস্তবে কোনো দলই সে সীমা ছুঁতে পারেনি। তবে ব্যয় ও দল সাজানোর কৌশলে ফ্র্যাঞ্চাইজিগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে।
সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে রংপুর রাইডার্স—১২ ক্রিকেটার নিতে তারা খরচ করেছে ৪ কোটি ১৬ লাখ টাকা। এর পরই রয়েছে চট্টগ্রাম রয়্যালস, যাদের মোট খরচ ৩ কোটি ৮৭ লাখ টাকা। প্রথম ডাকেই মোহাম্মদ নাঈমকে কিনতে ১ কোটি ১০ লাখ টাকা ঢেলে দিয়ে তারা নিলামের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে। রাজশাহী ওয়ারিয়র্সও পিছিয়ে নেই; ১৩ জন নিয়ে তাদের ব্যয় দাঁড়ায় ৩ কোটি ৮১ লাখ টাকা।
এবারের নিলামের সবচেয়ে সংযত দল নোয়াখালী এক্সপ্রেস—মোট ব্যয় মাত্র ২ কোটি ৬৩ লাখ। সিলেট টাইটানস (২ কোটি ৭৪ লাখ) ও ঢাকা ক্যাপিটালস (৩ কোটি ৩৮ লাখ) আরও দুই মধ্যম খরচের দল হিসেবে উঠে আসে।
বিদেশি ক্রিকেটারদের ব্যাপারে আগ্রহ এবার তুলনামূলকভাবে কম ছিল। তিন দল—নোয়াখালী, রংপুর ও রাজশাহী—৫০ হাজার ডলারও ব্যয় করেনি। কেবল ঢাকা ক্যাপিটালস ৭৫ হাজার ডলার খরচ করে তিন বিদেশি নেয়। ভারতীয় পিযূষ চাওলা থাকলেও কেউ তাঁকে নেয়নি। শ্রীলঙ্কানদের মধ্যে ডিকভেলা, ম্যাথুস ও দাসুন শানাকা দল পেয়েছেন।
নিলামে সবচেয়ে দামি নাঈম ছাড়াও তাওহিদ হৃদয় (৯২ লাখ) ও লিটন দাস (৭০ লাখ) উচ্চমূল্যের তালিকার শীর্ষে আছেন। দল সাজানোর ক্ষেত্রে রংপুর ও রাজশাহী সবচেয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে বলেই ক্রিকেট বিশ্লেষকদের ধারণা।
এখন অপেক্ষা বিদেশি নিলামের। ফাইনাল তালিকায় রয়েছে আড়াই শতাধিক ক্রিকেটার। প্রতিটি দলকে কমপক্ষে দুজন করে বিদেশি নিতে হবে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার—যা থেকে বোঝাই যাচ্ছে নিলামের দ্বিতীয় পর্ব আরও উত্তেজনাকর হতে পারে।