আগামী ২৬ ডিসেম্বর, যদি সবকিছু ঠিক থাকে, শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। রবিবার অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের নিলাম।
দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন জাতীয় দলের অনিয়মিত ওপেনার নাঈম শেখ। গত আসরে সর্বোচ্চ রান করার কারণে চট্টগ্রাম তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে শ্রীলংকার সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার দাসুন শানাকা সবচেয়ে দামে বিক্রি হয়েছেন। ঢাকা ক্যাপিটালস তাকে ৫৫ হাজার মার্কিন ডলার অর্থাৎ ৬৭ লাখ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে।
ক্যাটাগরি ‘এ’-র লংকান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নিরোশান দিকবেলাকে তাদের ভিত্তিমূল্যে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস দলে নিয়েছে। তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ হাজার ডলার।
আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে হাবিবুর রহমান সোহান সবচেয়ে বেশি আলোচিত। এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ খেলার জন্য নোয়াখালী এক্সপ্রেস তাকে ৫০ লাখ টাকায় দলে নিয়েছে। তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা।
২০১২ সালের প্রথম আসরের পর এটি বিপিএলের প্রথম নিলাম। পরবর্তী আসরগুলোতে দলগুলো গঠন করেছে ড্রাফটের মাধ্যমে।
এইবার ছয়টি দল অংশগ্রহণ করবে—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালস।
এজে