বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তবে সিরিজে নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্সকে পাওয়া যাবে না। তার অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন অলরাউন্ডার তালিয়া ম্যাকগ্রা।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিরিজের পর অস্ট্রেলিয়া নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে হবে সেই সিরিজের ম্যাচগুলো।
সোফি মলিনেক্সের পাশাপাশি পেসার লুসি হ্যামিল্টনও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না। দুজনকেই নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনায় রাখা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, ওই সময়ের মধ্যে তারা পূর্ণ ফিট হয়ে দলে ফিরতে পারবেন।
এদিকে চোটের কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ড—দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার পেসার ডারসি ব্রাউন। পিঠের সমস্যায় ভুগছেন এই গতি তারকা। নির্বাচকদের প্রত্যাশা, অক্টোবরের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের কোনো এক পর্যায়ে ব্রাউন আবার মাঠে ফিরতে পারবেন।
সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার গ্রেস হ্যারিসেরও। তিনি অস্ট্রেলিয়ার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। ফলে চোট এবং দল পুনর্গঠনের কারণে বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে কিছুটা পরিবর্তন এসেছে।
বর্তমানে ব্রিসবেনের ছয় দিনের ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার হাতে রয়েছে ১২ জন ক্রিকেটার। তবে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা ওয়ানডে ন্যাশনাল ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ড শেষ হওয়ার পর স্কোয়াডে আরও একজন ক্রিকেটার যোগ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচক প্রধান শন ফ্লেগলার।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেতৃত্বের দায়িত্ব পাওয়া তালিয়া ম্যাকগ্রা অস্ট্রেলিয়ার ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সঙ্গে বেথ মুনি, এলিসে পেরি, অ্যাশলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, অ্যালানা কিং ও মেগান শুটের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দলে থাকায় অস্ট্রেলিয়ার স্কোয়াডে অভিজ্ঞতার ঘাটতি থাকছে না।
বাংলাদেশ সিরিজের পর অস্ট্রেলিয়ার সামনে থাকবে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ। ফলে অক্টোবর মাসে অস্ট্রেলিয়া নারী দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি অপেক্ষা করছে। বাংলাদেশ সিরিজে নতুন নেতৃত্বের অধীনে অস্ট্রেলিয়া কেমন পারফর্ম করে, সেটিও থাকবে নজরে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড: সোফি মলিনেক্স (শুধু টি-টোয়েন্টি), নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা (ওয়ানডে অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।